
কক্সবাজারের চকরিয়ায় খুন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া এলাকার আবদুল জলিলের ছেলে সাগর ওরফে গালকাটা সাগর (৩৫), পুকুপুকুরিয়া পাড়ার জাগের হোসেনের ছেলে মামুনুর রশিদ জাহেদ (৩৫) এবং লক্ষ্যারচর আমানপাড়া এলাকার মো. কায়কোবাদের ছেলে সেলিম উদ্দিন ওরফে সেলিম (৪১)।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে চকরিয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। জাহেদ অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। সংঘবদ্ধভাবে অপরাধ করে তাঁরা স্থানীয়দের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, উপকূলীয় এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যের জড়ো হওয়ার খবর পেয়ে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ও চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজকে বিষয়টি জানানো হয়। তাঁদের নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থল ঘেরাও করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (১ নভেম্বর) তাঁদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।